উড়োজাহাজে মাতলামি, টিকটকার মা-মেয়ে আটক

আপডেট : ০৪ জুন ২০২৫, ১৮:১৬

টিকটকে জনপ্রিয় মা-মেয়ে জুটি তাদের আকাশপথের রোমাঞ্চকর ভ্রমণ শুরু করেছিলেন ‘স্বর্গে যাচ্ছি’ বলে। কিন্তু সেই ভ্রমণ স্বর্গ নয়, শেষ হলো পুলিশের হেফাজতে।

ঘটনাটি ঘটে টিইউআই এয়ারলাইনসের একটি ফ্লাইটে, যা যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে জ্যামাইকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। ফ্লাইটের শুরুতেই মা-মেয়ে অত্যধিক মদ্যপান শুরু করেন। বাকি যাত্রীদের অভিযোগ, এরপরই শুরু হয় গালাগাল, চিৎকার-চেঁচামেচি এবং কেবিন ক্রুদের সঙ্গে অশোভন আচরণ।

যাত্রীরা জানান, মেয়েটি এক পর্যায়ে চিৎকার করে বলতে থাকেন তিনি প্লেন থেকে নেমে যেতে চান, এমনকি নিজের সিটে বসতেও অস্বীকৃতি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইলট বাধ্য হয়ে কানাডায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পুলিশ বিমানে উঠে মা-মেয়েকে আটক করে নিয়ে যায়। এ সময় অনেক যাত্রী করতালি দিয়ে স্বস্তি প্রকাশ করেন।

টিকটকে জনপ্রিয় মা-মেয়ে জুটি তাদের আকাশপথের ভ্রমণ শুরু করার আগে ‘স্বর্গে যাচ্ছি’ বলে পোস্ট করেন। ছবি: সংগৃহীত

এক যাত্রী ম্যান্ডি জানান, ‘বিমানকর্মীরা তাদের বারবার অনুরোধ করছিলেন শান্ত থাকতে। কিন্তু মেয়েটিকে পরে জোর করে সিটবেল্ট বেঁধে বসাতে হয় এবং শেষ পর্যন্ত তাকে হাতকড়াও পরানো হয়।’ তাদের কর্মকাণ্ড শুধু বিমানযাত্রীদের ভোগান্তির কারণ হয়নি, ফ্লাইটটির গন্তব্যে পৌঁছাতেও ছয় ঘণ্টা দেরি হয়। ঘটনার সময়ের ঠিক আগেই ওই টিকটক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে মা-মেয়েকে দেখা যায় ম্যানচেস্টার বিমানবন্দরে মদ্যপান করতে। 

তবে ‘স্বর্গে’ পৌঁছানোর আগেই যাত্রাপথে পুলিশ তাদের নামিয়ে নেয়। এয়ারলাইন কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। বিমানে নিরাপত্তা বিঘ্নিত হওয়া ও যাত্রীদের ভোগান্তির কারণে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তথ্যসূত্র: ডেইলি মেইল 

 

ইত্তেফাক/টিএস