পাকিস্তানে টিকটক তারকাকে গুলি করে হত্যা

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪১

পাকিস্তানের ট্যাক্সিলায় গাড়িতে গুলি চালিয়ে টিকটক তারকা শামসু বিবিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ১৫ বছর বয়সী ছোট বোন আসিমা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) স্থানীয় পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে থাকা অজ্ঞাত দুই বন্দুকধারী তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আরব নিউজের প্রতিবেদন অনুসারে, শামসু বিবি ‘আয়েশা গিলামানা’ নামেও পরিচিত ছিলেন। তার বাবা ফজল সাহিবজাদা পুলিশের কাছে অভিযোগ করে জানান, ঘটনার আগে ‘কাশিফ ওরফে কাশি’ নামে এক ব্যক্তি তার মেয়েকে ফোন করে দ্রুত বাড়ির বাইরে আসতে বলেন। এরপর শামসু, তার বোন আসিমা ও ভাই নাইমাতুল্লাহ গাড়িতে করে বের হন।

নাইমাতুল্লাহ পরিবারকে জানান, একটি পেট্রল পাম্পের কাছে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাদের গাড়িতে গুলি ছোড়ে। একটি গুলি শামসুর ঘাড়ে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। গুলিবর্ষণের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে আসিমা গুরুতর আহত হন। পরে শামসুর মরদেহ টিএইচকিউ হাসপাতাল ট্যাক্সিলার মর্গে শনাক্ত করেন তার বাবা।

ফজল সাহিবজাদা জানান, তার মেয়ে প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করতেন। তার প্রায় ১৩ লাখ অনুসারী ছিল। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তার টিকটক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবারের অভিযোগ, শামসুর সঙ্গে কওসার ও জাভেদ ওরফে শাহিন নামে দুই ব্যক্তির আর্থিক লেনদেন ছিল। টাকা ফেরত দেওয়ার দাবিতে তারা শামসুকে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তিনি ইসলামাবাদে একটি অভিযোগও দায়ের করেছিলেন।

শামসুর বাবা সন্দেহ করছেন, ওই দুই ব্যক্তি নিজেরা অথবা অন্যদের মাধ্যমে তার মেয়েকে হত্যা করিয়ে থাকতে পারেন। কাশিফের ভূমিকা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

ইত্তেফাক/এবিএস