প্রধান উপদেষ্টার সফর

যুক্তরাজ্যের কাছে পাচার হওয়া অর্থ উদ্ধারে সহায়তা চাওয়া হবে

আপডেট : ০৪ জুন ২০২৫, ১৯:১৮

প্রধান উপদেষ্টার সফরে বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ উদ্ধারে যুক্তরাজ্য সরকারের সঙ্গে কথা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

বুধবার (৪ জুন) প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র সচিব বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সবদেশের সঙ্গে কাজ চলছে। সেই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার সফরে পাচার হওয়া অর্থ পুনঃরুদ্ধারে আলোচনা হবে ও যুক্তরাজ্যের কাছে সহায়তা চাওয়া হবে।

সফরে অধ্যাপক ইউনূসের সঙ্গে বাংলাদেশি কোনো রাজনৈতিক দলের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীদের সঙ্গে আলোচনার বিষয়ে ভারপ্রাপ্ত সচিব কিছু জানাতে পারেননি। তবে যুক্তরাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে বলে জানান তিনি। 

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান কোন স্ট্যাটাসে যুক্তরাজ্য আছেন তা জানা নেই। 

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, গণতান্ত্রিক মূল্যবোধকে সমর্থন করে যুক্তরাজ্য, তাই এখনকার বাংলাদেশ প্রেক্ষাপটে সফরটি গুরুত্ব বহন করে। এছাড়া সামনে রোহিঙ্গা নিয়ে জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই রোহিঙ্গা ইস্যুতে ফান্ড কমিয়ে দিচ্ছে। সফরে এ বিষয়েও যুক্তেরাজ্যের সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা। 

ইত্তেফাক/এমএস