বিপিএলে নিশ্চিত নন মরগ্যান

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:২৩

আগে জানা গিয়েছিলো যে, প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসবেন এবার ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগ্যান। সেই জানা বদলে গেছে, তা নয়। তবে ঢাকা ডায়নামাইটস কর্তৃপক্ষ গতকাল তাদের অফিসিয়াল ফেসবুকে একটা বিবৃতি দিয়ে জানিয়েছে যে, এখনো পর্যন্ত মরগ্যানের সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত হয়নি। 

মরগ্যানের বিপিএল খেলার সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে ঢাকা কর্তৃপক্ষ বলেছে, এখনো চুক্তি চূড়ান্ত হয়নি, ‘ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগ্যান ও ঢাকা ডায়নামাইটসকে এ সংক্রান্ত একটি রিপোর্টের ব্যাপারে জানানো যাচ্ছে যে রিপোর্টে তার ২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনার কথা বলা হয়েছে, আমরা সেই সম্পর্কে নিশ্চিত করছি যে এখন পর্যন্ত কোনো যোগাযোগ চূড়ান্ত হয়নি।’ তবে ফ্রাঞ্চাইজিটি নিশ্চিত করেছে যে, তাদের সঙ্গে মরগ্যানের প্রতিনিধির বিস্তারিত আলোচনা হয়েছে এবং তার ঢাকায় খেলার যথেষ্ট সম্ভাবনা আছে, ‘ঢাকা ডায়নামাইটসের সঙ্গে এউইনের প্রতিনিধির গত কয়েক মাস ধরে বিস্তারিত আলোচনা চলছে। আর দুই পক্ষই বিশ্বকাপের পর যখন খেলার সূচি পরিষ্কার হবে, তখন পরিকল্পনাটা চূড়ান্ত করার ব্যাপারে আগে একমত ছিলো।’

মরগ্যানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে যাবে এই আশাবাদ প্রকাশ করে ঢাকা কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, ‘আমরা এখনো আশাবাদী যে, একটা চুক্তি আমাদের মধ্যে আসছে কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে। তবে সেটা নির্ভর করে এউইনের অন্যান্য প্রতিশ্রুতি ও পরিকল্পনার ওপর। একবার সবকিছু চূড়ান্ত হলে আমরা ঘোষণা দিয়ে জানিয়ে দেব।’

এর আগে জানা গিয়েছিলো, গত সপ্তাহেই ইংল্যান্ডকে ইতিহাসের প্রথম বিশ্বকাপ জেতানো মরগ্যান এবার ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলবেন। মরগ্যান এবার বিপিএলে এলেই এটা হতে যাচ্ছে এই ইংল্যান্ডের তারকার প্রথম বিপিএল অভিযান।

২০১৬ সালে নিরাপত্তার কারণে বাংলাদেশ সফরে আসেননি মরগ্যান। সেই সময় তিনি ও অ্যালেক্স হেলস বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ড দল থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছিলেন। সে বছর জুলাই মাসে ঢাকায় একটি সন্ত্রাসী আক্রমণ হয়েছিলো। মরগ্যান এ পর্যন্ত ২৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫৬৫২ রান করেছেন। তার টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ১২৮.২৫। বিশ্বকাপের পর মরগ্যানের পরবর্তী অভিযান হবে ইউরো টি-টোয়েন্টি স্লাম। যেখানে তিনি ডাবলিন ফ্রাঞ্চাইজির হয়ে খেলবেন। এরপর মরগ্যান অংশ নেবেন বিপিএলে। আর এখানে তার দলের অধিনায়ক থাকবেন বাংলাদেশের বিশ্বকাপ তারকা সাকিব আল হাসান।