বিশ্বকাপ ব্যর্থতার জের ধরে কোচ রবি শাস্ত্রীর কাজে সন্তুষ্ট নয় বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ফলে, লম্বা সময় ধরে তার ভারতীয় দলের সঙ্গে টিকে থাকার সম্ভাবনা একটু কম। আর নতুন কোচ হওয়ার দৌড়ে এবার শোনা যাচ্ছে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের নাম।
গত সপ্তাহের মঙ্গলবার বিসিসিআই কোচ নিয়োগের বিজ্ঞাপন দেয়। তাতে শুধু প্রধান কোচই নয় ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজিওথেরাপিস্ট, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ও অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার চেয়েও বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আগ্রহীরা আগামী ৩০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। বিজ্ঞাপনে, কোচদের বয়স ৬০-এর নিচে হতে হবে। এর বাদে কমপক্ষে দুই বছর কোনো টেস্ট খেলুড়ে আন্তর্জাতিক দল কিংবা সহযোগী দেশ, এ দল বা আইপিএলের দলগুলোতে কমপক্ষে তিন বছর কোচিং করানোরও অভিজ্ঞতা থাকতে হবে।
শুধু তাই নয়, খেলোয়াড়ই জীবনে তাকে অন্তত ৩০টা টেস্ট ও ৫০টা ওয়ানডে খেলতে হবে। যদিও, ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং কোচদের জন্য এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। তাদের কমপক্ষে ১০ টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা লাগবে।
এই সবগুলো শর্তই মাহেলা পূরণ করেন। মাহেলাসহ আরো কয়েকজন শীর্ষ সাবেক ক্রিকেটার নাকি এরই মধ্যে প্রধান কোচের পদের জন্য আবেদন করে ফেলেছেন। কোচ হিসেবে মাহেলার অভিজ্ঞতা নেহায়েত্ কম নয়। সাম্প্রতিক সময়ে তিনি ইংল্যান্ড দলের পরামর্শক হিসেবে কিছুদিন কাজ করেছেন।
যদিও, বিসিসিআইয়ের তাঁর প্রতি আগ্রহের কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অভিজ্ঞতা। মুম্বাই ইন্ডিয়ান্স দলের কোচের পদে নিয়োগ পাওয়ার পর থেকে দলটি তিনবার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছে। ভারতীয় গণমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে কোচ হওয়ার জন্য মাহেলার সাথে দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন ও অস্ট্রেলিয়ার টম মুডিও আবেদন করেছেন। কে কোচ হবে—সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কপিল দেবের নেতৃত্বে গঠিত বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি।
২০১৭ সালে সাবেক কোচ অনিল কুম্বলের বিদায়ের পর জুলাইয়ে কোহলিদের পছন্দের ভিত্তিতেই প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন শাস্ত্রী। শাস্ত্রী এর আগেও ২০১৪ এর আগস্ট থেকে ২০১৬ এর জুন পর্যন্ত দলের ক্রিকেট পরিচালক ছিলেন। তার অধীনে ভারত ওয়ানডেতে অনেক বড়ো কোনো সাফল্য না পেলেও ধারাবাহিকভাবে পারফরম করে গেছে। তবে, শাস্ত্রীর সবচেয়ে বড়ো অর্জন হলো প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে টেস্ট সিরিজ জেতানো।
এবার অবশ্য শাস্ত্রী ও তার বর্তমান সহকর্মীদের একটা সুযোগ থাকছে। কারণ তারা সরাসরিই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবেন বলে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে। তবে, আপাতত শাস্ত্রী, বোলিং কোচ ভারত অরুণ, ব্যাটিং কোচ সঞ্জয় ব্যাঙ্গার ও ফিল্ডিং কোচ এস শ্রীধরের মেয়াদ ৪৫ দিন বাড়ানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে। সিরিজ চলবে আগামী ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। ভারত নিজেদের মাটিতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করবে। এর আগেই নতুন কোচের নিয়োগ পেয়ে যাওয়ার কথাই।
