বিশ্বকাপের মাসখানেক আগে হুট করে অধিনায়কত্বে পরিবর্তন আসলেও, মনে করা হচ্ছিল ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড়ো আসরের অন্যতম ‘ডার্ক হর্স’ হতে পারে আফগানিস্তান। আফগানরাও সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়েই গিয়েছিল ইংল্যান্ডে। কিন্তু বিশ্বকাপে ভরাডুবিই হয়েছে দলটির। নয়টি ম্যাচের সবগুলোতে হেরে গিয়ে ১০ দলের বিশ্বকাপে শেষ স্থানে থেকে শেষ করেছে টেস্ট ক্রিকেটের নবীন এই দলটি। বিশ্বকাপ ব্যর্থতার জের ধরে অধিনায়কত্ব হারিয়েছেন গুলবাদিন নাইব। ক্যারিয়ারও পড়েছে হুমকির মুখে।
অধিনায়কত্ব হারানোর পর বেশ অনেকদিন মুখ খুলেননি তিনি। তবে এবার যখন মুখ খুললেন তখন রীতিমতো বোমাই ফাটালেন সাবেক এই আফগান অধিনায়ক। গুলবাদিন কাঠগড়ায় তুলেছেন দলের সিনিয়র ক্রিকেটারদের। তার দাবি, দায়িত্বের প্রতি অবহেলা ছিল অনেক ক্রিকেটারেরই।
আফগানিস্তানের এক সাংবাদিকের কাছে দলের মানসিকতা নিয়ে খোলাখুলি নিজের অসন্তোষের কথা জানান গুলবাদিন। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে বেশি নির্ভর করেছিলাম সিনিয়র ক্রিকেটারদের ওপর। তবে ওরা সবাই বাজে খেলেছে। এর প্রভাব ম্যাচের ফলাফলের ওপর পড়েছে। আমার কথা ওরা শুনতো না বললেই চলে। বাজে ভাবে ম্যাচ হারের পর ওদের যখন মনমরা হয়ে থাকার কথা তখন কি না ওরা হাসাহাসি করতো। এমনকি আমি যখন কাউকে বোলিং করতে ডাকতাম তখন আমার দিকে তাকাতোও না।’
বিশ্বকাপের আগে হুট করেই দায়িত্ব পেয়েছিলেন নাইব। আসগর আফগানের মতো অভিজ্ঞ অধিনায়ককে সরিয়ে তাকে দায়িত্ব নেওয়া ক্ষেপেছিলেন রশিদ ও মোহাম্মদ নবীর মতো শীর্ষ ক্রিকেটাররা। আর এর ফলাফল পড়ে বিশ্বকাপে। গুলবাদিনের দায়িত্ব পাওয়াটাকে যে আফগান ক্রিকেটাররা মোটেও সহজ চোখে নেয়নি সেটা এবার নাইবের কথা থেকেই আবারো প্রমাণিত হলো।
নাইবের পরিবর্তে তিন ফরম্যাটেই আফগানিস্তানের অধিনায়ক হয়েছেন এবার রশিদ খান। বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ আগে থেকেই দলটির টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন। তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে তার যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সফর দিয়েই। আগামী সেপ্টেম্বর দল নিয়ে বাংলাদেশ সফরে আসছেন তিনি। খেলবেন একটা টেস্ট ও একটি টি-টোয়েন্টি। প্রথমে এই টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের খেলার কথা থাকলেও আইসিসির নিষেধাজ্ঞা ও নিজেদের অর্থের অভাবে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে দলটি।
বাংলাদেশ মিশন শেষ করে ভারতের মাটিতে ‘হোম সিরিজে’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তান খেলবে তিনটি ওয়ানডে, টি-টোয়েন্টি ও একটি টেস্ট। সিরিজ চলবে পাঁচ নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত।
