কেইনের কাছে জুভেন্তাসের হার

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:২৪

টটেনহ্যাম ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে জুভেন্তাসকে ৩-২ গোলে হারিয়েছে। যোগ করা সময়ে বিস্ময়কর এক গোলে দলের জয় নিশ্চিত করায় টটেনহ্যাম ফরোয়ার্ড হ্যারি কেইনের ভূয়সী প্রশংসা করেছেন দলটির কোচ মরিসিও পচেত্তিনো।

তারকাখচিত স্কোরশীটের ম্যাচটি ২-২ সমতায় শেষ হতে চলেছিল। যোগ করা সময়ের শেষ মুহূর্তে তখন মাঝমাঠের কাছে বলের দখল পান কেইন। সেখান থেকেই তার করা শটটি প্রতিপক্ষ গোলরক্ষক অয়েচিখ সজেস্নিকে ফাঁকি দিয়ে জড়ায় জুভেন্তাসের জালে। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে গেল আসরের শিরোপাজয়ী টটেনহ্যাম।

এর আগে এরিক লামেলার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ বিরতিতে যায় স্পার্সরা। দ্বিতীয়ার্ধের শুরুতে গঞ্জালো হিগুয়েইন এবং ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলে ম্যাচে ফেরে জুভেন্তাস। এরপর লুকাস মৌরা লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে টটেনহ্যাম। তারপরই আসে কেইনের অবিশ্বাস্য গোলটি।

কেইনের এমন গোলে দর্শক তো বটেই হতবাক হয়ে গিয়েছিলেন খোদ মরিসিও পচেত্তিনোই। টটেনহ্যাম কোচের ভাষায়, ‘এটা অবিশ্বাস্য এক গোল। এবং এটা করার সামর্থ্য তার আছে। তার মানে দাঁড়ায় সে মাঠে থাকলে এমন ঘটতেই পারে। আর এ কারণেই সে বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটির পর এমন এক গোল দিয়ে মৌসুমটা শুরু করা! নিশ্চিতভাবেই এটা তাকে বেশ আত্মবিশ্বাস জোগাবে। এবং এটা দলের জন্যেও ভালো।’

রবিবার সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামের ম্যাচটিতে টটেনহ্যামের বেশ কিছু খেলোয়াড়ের অভিষেক হয়েছিল। জুভেন্তাসের বিপক্ষে জয়ের চেয়েও তাদের পারফরম্যান্স বেশি তৃপ্তি দিয়েছে আর্জেন্টাইন কোচকে। তিনি বলেন, ‘আমি খুবই খুশি। আমাদের পারফরম্যান্স দারুণ ছিল আজ। জেতাটাই মূল লক্ষ্য ছিল না আমাদের। তবে জুভেন্তাসের মতো দলের বিপক্ষে জয় সবসময়ই মধুর। দলের পারফরম্যান্সে আমি মুগ্ধ। বেশ কিছু খেলোয়াড়ের অভিষেক ছিল আজ। আমি মনে করি তাদের বাজিয়ে দেখার ভালো সুযোগ এটি। এবং সবকিছু নিজেদের পক্ষে যাওয়ায় আমাদের খুশিই হওয়া উচিত।’ এদিকে দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করেও জয় না পাওয়ায় কিছুটা হতাশ জুভেন্তাস শিবির। দলের মিডফিল্ডার ফ্রেদেরিকো বার্নাদেস্কি বলেন, ‘ফলাফলে মোটেও সন্তুষ্ট নই আমরা কিন্তু আমরা ভালো খেলেছি। আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেলেছিলাম।’ আগামীকাল বুধবার স্বদেশি ইন্টার মিলানের মুখোমুখি হবে দলটি। তার আগে আরো উন্নতি করাই লক্ষ্য জুভেন্তাসের। বার্নাদেস্কির ভাষায়, ‘আমরা আরো ভালো করতে যাচ্ছি। আমরা কঠোর পরিশ্রম করেছি ফলে আমাদের পা কিছুটা আড়ষ্ট হয়ে পড়ছিল। কিন্তু আমরা উন্নতির ধারা অব্যাহত রাখতে চাই।’