জেরুজালেম সীমান্তে ফিলিস্তিনি বসতি গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:৩২

গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল জেরুজালেমের সার বাহের এলাকায় ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিদের কয়েকটি বসতি ইসরাইলি সেনাবাহিনী। সোমবার সকালে ইসরাইলি কয়েক শ সেনা ও পুলিশ সদস্য বুলডোজার দিয়ে পূর্ব জেরুজালেমের শেষ প্রান্তে সার বাহের এলাকায় দুই দেশের মাঝে বিভাজনকারী প্রাচীরের পাশে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করে দেয়।

আন্তর্জাতিক বিশ্বের উদ্বেগ সত্ত্বেও জেরুজালেমে এসব বাড়িঘর ধ্বংস করছে ইসরাইল। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি জেরুজালেম থেকে জানিয়েছেন, ইসরাইলি পুলিশ এবং সেনাবাহিনীর কয়েক ডজন সদস্য জেরুজালেমের সার বাহের এলাকার কমপক্ষে চারটি বাড়ি সিলগালা করে দিয়েছে। এই এলাকার পাশে ইসরাইলি সামরিক বাহিনীর নিরাপত্তা প্রতিবন্ধক রয়েছে।

ঐ এলাকায় বর্তমানে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন এএফপির প্রতিনিধি। বাড়িঘর ভেঙে ফেলার সময় সেখানকার বাসিন্দাদের ঘরের ভেতর থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে আসে ইসরাইলি বাহিনী। জোর করে বের করে আনা এক ফিলিস্তিনিকে চিত্কার করে বলতে শোনা যায়, আমি এখানেই মরতে চাই। ঐ এলাকা থেকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাদের বাড়িঘর ধ্বংস ও তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনিরা।

তারা বলছেন, জেরুজালেমের সার বাহের এলাকায় যেসব বাড়িঘর রয়েছে, সেগুলো ইসরাইল এবং ফিলিস্তিনি সরকারের চুক্তি অনুযায়ী নির্মিত এবং এসব বাড়িঘর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ছিল। পরিবারসহ হুমকি নিয়ে একটি ভবনে ছিলেন ইসমাইল আবাদিয়াহ। তিনি বলেন, এখন তারা গৃহহীন হয়ে পড়বেন। ইসমাইল বলেন, ‘আমাদের এখন রাস্তায় থাকতে হবে।’ তবে বাড়িঘর ধ্বংসের ব্যাপারে ইসরাইলি পুলিশ এবং সেনাবাহিনীর কোনো মন্তব্য তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি

গত ১৮ জুন ইসরাইলি কর্তৃপক্ষ এক মাসের মধ্যে জেরুজালেমের সার বাহের এলাকার বাড়িঘর ধ্বংস করে দেওয়া হবে বলে একটি নোটিশ দেয়।