ঢাবি শিক্ষার্থীর আত্নহত্যা

ছেলে হয়ে বাবা-মায়ের মানসম্মান এভাবে নষ্ট করে বেঁচে থাকতে পারব না

আপডেট : ১০ জুন ২০২৫, ২০:২৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদ (২৪) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১০ জুন) সকালে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাকিল মানিগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে।

শাকিলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে এক ব্যক্তির পোস্টে মন্তব্য করেছিলেন শাকিল। গতকাল রাত ৯টার দিকে ফেসবুকের ওই কমেন্টকে কেন্দ্র করে দক্ষিণ জামশা গ্রামসহ আশপাশের গ্রামের কয়েকশো’ লোক বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি দেন। এরপর রাত দুইটার দিকে বাড়িতে নিজ ঘরের ভেতর ফাঁস নিয়ে শাকিল আত্মহত্যা করেন।

এ ব্যাপারে সিঙ্গাইর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, ওই শিক্ষার্থী মাহামুদুল হাসান নামে এক ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রীদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। এ নিয়ে তার বন্ধুরা এবং এলাকার লোকজন তার বাড়ি গিয়ে হুমকি-ধামকি দেন। বিষয়টি নিয়ে তিনি অনুতপ্ত ছিলেন এবং ভুল বুঝতে পেরেছিলেন। আজ সকালে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে আত্নহত্যার প্ররোচনায় হুমকিদাতাদের বিরুদ্ধে ওই বাড়ি থেকে কেউ অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে। 

এর আগে গতকাল সোমবার রাতে ফেসবুকে চারটি পোস্ট দিয়েছিলেন শাকিল। সর্বশেষ পোস্টে তিনি লেখেন, ‘আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে। আমি জানি আর আমার আল্লাহ জানে, আমি নবী মুহাম্মদকে কোনো কটূক্তি করিনি। আমাকে নিয়ে আমার বাবা অনেক গর্ব করত, গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করত। আজ আমি আমার নিজের আপন মানুষের কাছে আমার সম্মান হারিয়েছি। আগামীকাল আমার বাবাকে সবাই গালি দিবে, আমার মাকে সবাই অসম্মান করবে, এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারব না। একটা ছেলে হয়ে নিজের বাবা–মায়ের মানসম্মান আমি এভাবে নষ্ট করে দুনিয়ায় বেঁচে থাকতে পারব না। কোনোদিন আমি গ্রামে মাথা তুলে চলতে পারব না। আত্মহত্যা মহাপাপ আমি জানি। আমি অনেক পাপ করেছি, আজ আর একটা শেষ পাপের জন্য প্রস্তুত হচ্ছি।

স্থানীয় সূত্র জানায়, সাত-আট মাস আগে শাকিল ওই মন্তব্য করেন। পরে তা মুছে ফেলেন। গতকাল রাতে সেটি আবার ভাইরাল হয়। এরপর রাতে আশপাশের এলাকার কয়েকজন তার বাড়িতে গিয়ে তাকে ও পরিবারকে হুমকি দেন। 

প্রতিবেশীরা বলেন, দীর্ঘদিন আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে শাকিল কটূক্তিমূলক মন্তব্য করেন। তবে ভুল বুঝতে পেরে কিছুদিন পর তা মুছে ফেলেন। পরে ফেসবুকে তার এক বন্ধু ওই মন্তব্য আবার ভাইরাল করে দেন। এতে লোকজন তাদের হুমকি দিচ্ছিলেন। ভয়ে তিনি আত্নহত্যা করেন।

ইত্তেফাক/এমএস