পুঁজিবাজারে দরপতন চলছেই। টানা পতনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। সূচকের এই অবস্থান গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লক্ষ্য করা গেছে। রবিবার প্রায় ৯৭ পয়েন্ট পতনের পর গতকাল সোমবার ডিএসইতে প্রধান সূচক কমেছে ৬৭ দশমিক ৩১ পয়েন্ট। এর ফলে সূচক অবস্থান করছে ৪৯৬৬ দশমিক ৪৪ পয়েন্টে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার।
বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। অস্বাভাবিক এই পতনের কারণ খুঁজতে রবিবার একটি কমিটি করেছে বিএসইসি। এর পরেও পতন ঠেকানো যাচ্ছে না। বিনিয়োগকারীরা আতঙ্কে নতুন করে শেয়ার কিনছেন না। বিক্রি করে দিচ্ছেন হাতে থাকা শেয়ারগুলো। ফলে বিক্রির চাপে দর পতন হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বরাবর ১৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়েছিল বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের ব্যানারে। সাধারণ বিনিয়োগকারীরা গত দুই দিন রাস্তায় নেমে বিক্ষোভ না করলেও পরিস্থিতির কারণে তারা আবার রাস্তায় নেমে আসবেন বলে জানিয়েছেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৫৩টি কোম্পানির ১৬ কোটি ৬০ লাখ ২৯ হাজার ৬০৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪৬৪ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৮৬৬ টাকা। রবিবার লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি ৬৪ লাখ টাকার। গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৭ দশমিক ৩১ পয়েন্ট কমে ৪৯৬৬ দশমিক ৪৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২৩ দশমিক ২৭ পয়েন্ট কমে ১৭৭৬ দশমিক ১৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৮ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১১৩৯ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, ফেডারেল ইন্সুরেন্স, সীপার্ল রিসোর্ট, সিনোবাংলা ইন্ডা., মুন্নু সিরামিকস, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, গ্রামীণফোন ও বৃটিশ আমেরিকান টোব্যাকো।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—আল-হাজ্বটেক্স, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা, ইউনিয়ন ক্যাপিটাল, আইসিবি অগ্রণী ফার্স্ট মি. ফা., স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, মুন্নু সিরামিকস ও কন্টিনেন্টাল ইন্সুরেন্স। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—এমারেল্ড অয়েল, মেঘনা কন্ডেনসড মিল্ক, সি এন এ টেক্স, জুট স্পিনার্স, ইমাম বাটন, সাভার রিফ্রেক্টরীজ, মেঘনা পেট, অলটেক্স ইন্ডা., ইয়াকিন পলিমান ও বিডি ওয়েল্ডিং।
এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৯৯ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১৫ হাজার ২১৫ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সিএসইতে ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রবিবার লেনদেনের পরিমাণ ছিল ১৭ কোটি ১০ লাখ টাকা। লেনদেন হয়েছে ২৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।
