এখন থেকে এক ক্লিকেই অনুমোদন :বিডা

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২১:১১

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যথাযথ ডকুমেন্টসহ ওয়েবসাইটে প্রেরিত রেমিট্যান্স, রয়্যালিটি, টেকনিক্যাল নো-হাউ, প্রভৃতি বহির্মুখী প্রত্যাবাসন ফির অনুমোদন সঙ্গে সঙ্গে করবে। গতকাল বিডার এক সভায় এ তথ্য জানান প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান কাজী  মো. আমিনুল ইসলাম। বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে টেকনো ড্রাগস লিমিটেডের টেকনিক্যাল নো হাউ ফি ও এসএস স্টিল প্রাইভেট লিমিটেডের  টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফি এবং মিনিসো হংকং লিমিটেডের ফ্রাঞ্চিস ফির অনুমোদন করে এ সেবার উদ্বোধন করা হয়।  সভায় কাজী মো. আমিনুল ইসলাম বলেন এখন থেকে ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএসের মাধ্যমে বিডার ওয়েবসাইট থেকে ওএসএসপিআইডি একাউন্টে লগ ইন করে আবেদনের মাধ্যমে সঙ্গে সঙ্গেই এ ধরনের সেবাসমূহ পাওয়া যাবে, ফলে বিনিয়োগসেবা-প্রত্যাশীদের আর অপেক্ষা করতে হবে না, কাগজপত্র বা প্রেরিত ডকুমেন্টসমূহ যথাযথ থাকলে সঙ্গে সঙ্গেই এক ক্লিকের মাধ্যমে মিলবে অনুমোদন এবং কোনো ঘাটতি থাকলে তাও জানিয়ে দেওয়া হবে। এর ফলে বিনিয়োগকারীদের অযথা সময় ব্যয় করতে হবে না, ফলে সেবার মান হবে আরো দ্রুত।