ব্লকচেইন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা আধুনিকায়নের তাগিদ

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২১:১২

ব্লকচেইন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা আরো আধুনিক করার তাগিদ দিয়েছেন ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে ব্লকচেইন এবং ডাটা সেন্টার বিষয়ক এক সেমিনারে এ তাগিদ দেওয়া হয়। অনুষ্ঠানে আমেরিকা ভিত্তিক ফিন-টেক  কোম্পানি ফামা ক্যাশ-এর ফাউন্ডার এবং সিইও ড. সাইফুল খন্দকার বাংলাদেশ ব্যাংকিং খাতের জন্য ব্লকচেইন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা এবং যশোর হাই-টেক পার্কে অত্যাধুনিক ডাটা সেন্টার তৈরির বিষয়ে আলোচনা করেন। এই সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রধান নির্বাহিগণ, ফামা ক্যাশের ডিরেক্টর হাসানুজ্জামান হাসান ও  রবিউল করিম, ফামা ক্যাশ হেড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেড ড. মাহফুজ খান এবং ফামা ক্যাশের বাংলাদেশের চিফ অপেরেটিং অফিসার ব্রিগেডিয়ার (অব) লোদী খান । সেমিনারে সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ব্লকচেইন বেসড টেকনোলজি ব্যবহার করার সময় এখনই। আমাদের ব্যাংকিংসেবা আরো উন্নত করতে ব্লকচেইন বেসড টেকনোলজির মাধ্যমে বিভিন্ন ভেরিফিকেশন, লেনদেন ও অন্যান্য সেবার মান বাড়ানো যাবে।