মিয়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করলো বিজিবি

আপডেট : ১২ জুন ২০২৫, ০১:২৫

বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্তের ওপারে মিয়ানমারের ম্যানশন পাড়া থেকে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে (৪০) উদ্ধার করেছে বিজিবি। 

বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জুন বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়াস্থ বাগানপাড়া গ্রামের দুলালকে গরু ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ৫-৬ জন মায়ানমারের নাগরিক বাংলাদেশের সীমান্ত পিলার ৫৪-৫৫ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মায়ানমারের ভিতরে নিয়ে আটকে রাখে। 

পরে বিজিবির কাছে খবর আসে যে মায়ানমারের ভিতরে ম্যানশনপাড়া নামক স্থানে বাংলাদেশের দুলালকে ওই দেশের নাগরিকরা অপহরণ করে একটি ঘরে বন্দী করে রেখেছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে পোয়ামুহুরী বিওপির কমান্ডার নায়েব সুবেদার হারুন অর রশীদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫৬ হতে উত্তর দিকে সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার নামক এলাকা দিয়ে কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই অপহৃত দুলালকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত আনে। পরে বিজিবি স্থানীয় ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিনের মাধ্যমে উদ্ধারকৃত ব্যক্তিকে নিজ পরিবারের নিকট হস্তান্তর করে।

ইত্তেফাক/এমএএম