ওয়ানডের অধিনায়কত্ব থেকে নাজমুল হাসান শান্তকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় এক বছরের জন্য অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এমন অবস্থায় অনেকেই জাতীয় দলে এই দুই তারকা ক্রিকেটারের মধ্যে দ্বন্দ্বের শঙ্কা প্রকাশ করেছেন।
তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন মিরাজ। শান্তর সঙ্গে কোনো দ্বন্দ্ব হবে না বলে বিশ্বাস বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর শুক্রবার (১৩ জুন) শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ।
শান্তর সঙ্গে কোনো দ্বন্দ্ব হবে না জানিয়ে মিরাজ বলেন, 'আমার মনে হয়, ড্রেসিং রুমে এরকম কোনো প্রভাব পড়বে না। দিন শেষে, আমরা সবাই দেশের হয়ে ক্রিকেট খেলি। শান্ত আর আমার মধ্যে এগুলো কখনোই কাজ করবে না।'
তিনি আরও বলেন, 'ও (শান্ত) যখন অধিনায়কত্ব করেছে, আমি অনেক সাহায্য করেছি। আশা করি, সেও আমাকে করবে। ওর সঙ্গে আমার এই কথাই হয়েছে। ও আমাকে একটা কথাই বলেছে, অধিনায়কত্ব আমি কখনও আলাদা কিছু ফিল করিনি। আশা করি আমার ভেতরেও এই জিনিসটা আসবে না। আমরা একসঙ্গে কাজ করবো বাংলাদেশের হয়ে। একটা ভালো জায়গায় বাংলাদেশকে দাঁড় করাতে চাই।'
শান্তর সঙ্গে এ নিয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে মিরাজ বলেন, 'কথা হয়েছে। ওর সঙ্গে ছোটবেলা থেকে একসঙ্গেই ক্রিকেট খেলছি। অনূর্ধ্ব-১৫ থেকে একসঙ্গে আছি। আমাদের যে জিনিসটা মনে হয়, অধিনায়ক তেমন ম্যাটার করে না। দল হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। ওর সঙ্গে যখনই কথা হয়েছে, দুজনে এটাই আলোচনা করেছি বাংলাদেশকে কত দূর নিয়ে যেতে পারি। তবে আশা করি এটা দ্রুত কেটে আসবে ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস।'
