রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
হালদা নদী থেকে নুরুল ইসলাম (৫৫) নামে এক মত্স শিকারীর লাশ উদ্ধার হয়েছে। গত সোমবার বেলা ২টায় মদুনাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত মত্স্যশিকারী নুরুল ইসলাম মধ্যম উরকিরচরের ৬ নং ওয়ার্ডের মৃত ফয়েজ আহমেদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল ইসলাম রবিবার রাত ১১ টার দিকে নদীতে ঘেরাজাল বসাতে ঘর থেকে বের হন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার বেলা দেড়টার দিকে মদুনাঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয় যুবক ইরফান জানান, নুরুল ইসলাম পেশায় একজন কৃষক। সে কৃষিকাজের পাশাপাশি খালে ঘেরাজাল দিয়ে মাছ সংগ্রহ করে সংসার চালাতো। বিবাহিত জীবনে সে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। উপজেলার উরকিরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
