বকশীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের বন্যা প্লাবিত এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় চার জনকে বিষাক্ত সাপে দংশন করেছে। এর মধ্যে রাজা-বাদশা নামে একজনের মৃত্যু হয়েছে। একজন ময়মনসিংহ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, গত দুই সপ্তাহ ধরে বকশীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের বানভাসি মানুষ বাড়িঘর ছেড়ে বন্যা আশ্রয় কেন্দ্র, বেড়িবাঁধ, উঁচু সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে মানুষ। বাড়িঘর থেকে পানি সরে যাওয়ার পর বসতবাড়িগুলোতে বাসা বেঁধেছে বিষাক্ত সাপ। সাপের ভয়ে মানুষ আতঙ্কিত।
বকশীগঞ্জ হাসপাতালের ভারপ্রাপ্ত ইউএইচএ ডা. প্রতাপ নন্দী জানান, বন্যা প্লাবিত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আটটি মেডিক্যাল টিম গঠন হয়েছে। সর্প দংশনের প্রাথমিক চিকিত্সা দেওয়ার সুযোগ বকশীগঞ্জ হাসপাতালে রয়েছে। তাই প্রাথমিক চিকিত্সার পর চূড়ান্ত চিকিত্সার জন্য ময়মনসিংহ হাসপাতালে পাঠাতে বাধ্য হই।
