গুজবে আতঙ্কিত না হতে মাইকিং

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২১:৩৯

ছেলেধরা গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের পক্ষ থেকে মাইকিং ও প্রচারপত্র বিলি করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করার লক্ষ্যে চালানো হচ্ছে প্রচারণা। গতকাল সোমবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে প্রচারণা চালানো হয়।

সোমবার সকাল থেকে থানা পুলিশের উদ্যোগে উপজেলার দশটি ইউনিয়ন, পৌরসভা এলাকায় মাইকিং, প্রচারপত্র বিলি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারণা চালানো হয়। স্থানীয় ফকিরবাজারে এলাকার জনসাধারণকে নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়।

মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম বলেন, ‘আমার স্কুলে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে উপস্থিতি ৫০ ভাগের নিচে। এটা যে গুজব আমরা তা বিভিন্নভাবে বাচ্চা ও অভিভাবকদের সচেতন করার চেষ্টা করছি।’

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘পাঁচ হাজার লিফলেট পৌরসভা ও দশ ইউনিয়নে একযোগে বিলি করা হয়েছে। মাইকিংও করানো হচ্ছে’।