সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২১:৪০

নারী ও শিশু নির্যাতন, মাদক এবং দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সভা

স্টাফ রিপোর্টার, রংপুর মহানগরীর মাহিগঞ্জে নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস এবং দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহানারা বেগমের সভাপতিত্বে সচেতনতা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ।

চিংড়ি চাষের অগ্রগতি ও ফলাফল বিষয়ক কর্মশালা

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা চিংড়িচাষি, ডিপো মালিক, হ্যাচারি প্রতিনিধি, চিংড়ি খাদ্য বিক্রেতাদের নিয়ে সোমবার সেপটি প্রকল্পের চিংড়ি চাষের অগ্রগতি ও ফলাফলবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা জোবায়েদ আলী মিলনায়তনে ইউএসএডির অর্থায়নে সভায় সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা টিএমএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার শহিদুল আলম খান। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ বেগম।

কাহারোলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সোমবার বিকালে উদ্বোধন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। কাহারোল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নিমির্ত ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ।