আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ছেলেধরা’ গুজবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সন্দেহভাজন সাধারণ মানুষকে পিটিয়ে হত্যার ঘটনার আর পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, তারা বিষয়টির পুনরাবৃত্তি রোধে কঠোর অবস্থান নিয়েছেন। এ ধরনের ঘটনার সঙ্গে কারো প্ররোচনা এবং কোনো ধরনের রাজনৈতিক মতলব রয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। যারাই এ ঘটনাগুলোর সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ করে আলোচিত প্রিয়া সাহার বিষয়ে তড়িঘড়ি কিছু করতে রাজি নন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্য মার্কিন প্রেসিডেন্টের কাছে বলা, এটা আমাদের দেশকে ছোটো করা। এটা একটা কাল্পনিক বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য। আমরা রয়েসয়ে অগ্রসর হচ্ছি, মশা মারতে আমরা কামান দাগাতে চাই না।’ প্রিয়া সাহা দেশে না ফিরলে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি নিজেই বলেছেন দেশে ফিরে আসবেন। আর এটা এমন একটা বিষয় নয় যে, জোর করে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে, এরকম কিছু আমরা পাইনি। আমরা খতিয়ে দেখছি, সেরকম কিছু হলে পরে দেখা যাবে।’
প্রিয়া সাহার বক্তব্যের সপক্ষে যে যুক্তি তুলে ধরে ধরেছেন সেই প্রসঙ্গে ওবায়দুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ৩ কোটি ৭০ লাখ লোক মিসিং—এ কথা তো কোথাও নাই।’ প্রিয়া সাহার এসব বক্তব্য দেওয়ার পেছনে ‘অন্য কারো হাত’ আছে কি না সরকার তা খতিয়ে দেখছে—জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তিনি যখন দেশে ফিরবেন, তিনি বলেছেন দেশে ফিরবেন, তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তিনি কী উদ্দেশ্যে বলেছেন, কেন বলেছেন, কী ইনফরমেশনের ভিত্তিতে বলেছেন—সেটা তাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে।’
প্রিয়া সাহার স্বামী যে দুদকের একজন কর্মকর্তা, সে বিষয়ে একজন সাংবাদিক সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ওবায়দুল কাদের তখন বলেন, ‘উনার স্বামী সরকারি চাকরি করেন। এক পরিবারে স্বামী-স্ত্রী-ছেলেমেয়ে সবাই এক মতাবলম্বী হবেন—এমন তো কোনো কথা নেই। উনার স্ত্রী অন্যায় করল, সেটার জন্য স্বামীকে কেন অভিযুক্ত করতে হবে? এটা তো কোনো আইনে নেই।’
বকেয়া আদায়ে বিআরটিসি শ্রমিকদের অফিস ঘেরাও প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এটা সব জায়গায় নয়, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। বিআরটিসিতে চেয়ারম্যান পরিবর্তন এসেছে, নতুন চেয়ারম্যান যোগ দিচ্ছেন। তিনি বলেন, ‘কিছু কিছু বিশৃঙ্খলার অভিযোগ আছে, যেগুলো মন্ত্রণালয় থেকে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা দেখছেন। বেতনের ব্যাপারটা লার্জ স্কেলে নেই। দু-একটা জায়গায় আছে সেটা আমরা খতিয়ে দেখছি এবং ব্যবস্থা নিচ্ছি।’
ঈদের ১০ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন
ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদুল আজহায় ১০ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের আগে তিন দিন ও পরের তিন দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। পচনশীল দ্রব্য, গার্মেন্ট ও ওষুধবাহী যানবাহন যথারীতি চলবে। এ ছাড়া ঈদের আগের সাত দিন এবং পরের তিন দিন মোট ১০ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। পোশাক-কর্মীদের ঈদের সময় বিআরটিসি বাস দিয়ে সহযোগিতা করা হবে এবং ধাপে ধাপে ছুটির বিষয়ে মালিকদের যথাযথ উদ্যোগ নিতে বলা হয়েছে বলেও জানান কাদের।
