আগামী নির্বাচনে ১০০ আসনে নারীর সরাসরি ভোট দাবি

আপডেট : ১৫ জুন ২০২৫, ২১:৪১

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে নারীর সরাসরি ভোট দাবি করেছে নাগরিক কোয়ালিশন। রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার সেন্টারে আয়োজিত আলোচনায় এ দাবি জানায় তারা। এতে ভোটের মাঠে নারীর প্রতিবন্ধকতা থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো উঠে আসে।

বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে। জোর দিতে হবে অর্থনৈতিক ক্ষমতায়নে।

বক্তারা আরও বলেন, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল মিলে মোট ২ হাজার ৭৮৭ জন প্রার্থী মনোনীত করেছিলো, যার মধ্যে নারী ছিলেন মাত্র ৪০ জন। পরের নির্বাচনে ২ হাজার ৫৭৪ জন প্রার্থীর মধ্যে এটি কমে ৩৬ জনে দাঁড়ায়। ২০০১ সালে এক হাজার ৯৩৯ জন প্রার্থীর মধ্যে নারী ছিলেন ৩৮ জন, আর ২০০৮ সালে ছিলেন সর্বোচ্চ ৫৯ জন। অর্থাৎ নারী প্রার্থী মনোনয়নে সবসময়ই রাজনৈতিক দলগুলোর অনীহা লক্ষণীয়।

'বর্তমান বাস্তবতায়' আগামী জাতীয় নির্বাচনে ১০০ আসনে নারীর সরাসরি নির্বাচন দাবি করে নাগরিক কোয়ালিশন। রাজনৈতিক দল প্রার্থী মনোনয়নে ৩০ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানায় তারা।

এ নিয়ে ভিন্ন ভিন্ন মত তুলে ধরেন আলোচকরা। নারীর নিজস্ব নির্বাচনী এলাকা নিশ্চিত করার জন্য দৃশ্যমান পদক্ষেপ নেওয়ারও দাবি জানায় নাগরিক কোয়ালিশন।

ইত্তেফাক/এসকে