বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় খালাস পেলেন এ্যানিসহ ৯ জন

আপডেট : ১৬ জুন ২০২৫, ১৪:১০

বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ৯ জন।

সোমবার (১৬ জুন) ঢাকার বিশেষ ট্রাইবুনাল-১৪ এ রায় ঘোষণা করেন।

এসময় মামলার পর্যবেক্ষণে বিচারক বলেন, অভিযোগের সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি রাষ্ট্রপক্ষ, তাই তাদের খালাস দেওয়া হয়েছে।
 
মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালে হরতালের সময় সূত্রাপুর থানাধীন লেগুনা গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপে ৫ জন দগ্ধ ও গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকা ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ১০জনকে আসামি করা হয়। সাদেক হোসেন খোকা মৃত হওয়ায় এ মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়।
 
খালাস পেয়ে এ্যানি বলেন, বিএনপির অনেক নেতাকর্মী এখনও আওয়ামী লীগের দেওয়া মিথ্যা মামলায় ভোগান্তি পোহাচ্ছেন। এজন্য রাজনৈতিক হয়রানিমূলক মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কমিশন গঠন করা উচিত ছিল বলে মন্তব্য তার।
 

ইত্তেফাক/পিএস