নারী ব্যালন ডি’অর হেগারবার্গের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:৩৬

ফুটবলে নারী সমতা বিধান এবং সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে এবারই প্রথম নারীদের বর্ষসেরার পুরস্কার ‘ব্যালন ডি’অর ফেমিনিন’ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পুরস্কারটি প্রথমবারের মতো জেতার সম্মান অর্জন করে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন অলিম্পিক লিঁওর নরওয়েজিয়ান স্ট্রাইকার আদা হেগারবার্গ।

গত মৌসুমটি দারুণ কাটিয়েছেন তিনি। লিঁওকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর নাম ভূমিকায় ছিলেন ভলফসবুর্গের বিপক্ষে ফাইনালটিতে করেছিলেন একটি গোলও। এছাড়াও দলের ফরাসি লিগ শিরোপা জয়েও রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। বছরজুড়ে এমন নৈপুণ্যই তাকে এনে দিয়েছে নারী ব্যালন ডি’অরের সম্মান। 

উল্লেখ্য, ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন ১৯৫৬ সাল থেকে ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসলেও এবারই প্রথমবারের মতো সেখানে যুক্ত করে নারীদের ব্যালন ডি’অর পুরস্কার।