শতকোটি টাকা ঋণখেলাপিদের জন্য বিশেষ তদারকি সেল হচ্ছে

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২২:২৬

১০০ কোটি টাকা বা তার বেশি খেলাপি ঋণ আছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিবিড় তদারকির মধ্যে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য সব ব্যাংকে বিশেষ তদারকি সেল গঠন করতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ গতকাল সোমবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, সব ব্যাংকসংশ্লিষ্ট উপব্যবস্থাপনা পরিচালককে প্রধান করে প্রয়োজনীয় সংখ্যক কর্মবল নিয়ে একশত কোট টাকা এবং তদূর্ধ্ব স্থিতিবিশিষ্ট শ্রেণিকৃত ঋণ হিসাবসমূহ তদারকির লক্ষ্যে স্পেশাল মনিটরিং সেল নামক একটি বিশেষ তদারকি সেল গঠন করবে। তদারকি সেল ত্রৈমাসিক বিবরণীতে বর্ণিত শ্রেণিকৃত ঋণ হিসাব আদায় অগ্রগতিসহ যাবতীয় তথ্য স্ব স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদকে জানাবে। এ ছাড়া ত্রৈমাসিক বিবরণী পরবর্তী মাসের শেষ কর্মদিবসে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের টাস্কফোর্স সেলে দাখিল করবে।

এ বিবরণীতে প্রদর্শিত শ্রেণিকৃত ঋণ পুনঃতপশিলীকরণ কিংবা অন্য কোনো কারণে নিয়মিত বলে গণ্য হলেও নিয়মিত হওয়ার তারিখ থেকে পরবর্তী আটটি ত্রৈমাসিক পর্যন্ত তা বিবরণীতে রাখতে হবে। সার্কুলারে আরো বলা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদ ত্রৈমাসিক ভিত্তিতে ওই বিবরণীর যথাযথ পর্যালোচনা নিশ্চিত করবে। এ ক্ষেত্রে ঋণের বকেয়া আদায়ের নিমিত্তে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। পরিচালনা পর্ষদ নিয়মিতভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়নে পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।