ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালান ডানকান পদত্যাগ করেছেন। গতকাল তিনি তাঁর পদত্যাগের কথা জানিয়েছেন। নতুন প্রধানমন্ত্রী আসার আগেই তিনি পদত্যাগ করলেন। জানা গেছে, আজ মঙ্গলবার ক্ষমতাসীন রক্ষণশীল দলের নতুন নেতার নাম ঘোষণা করা হবে। আর তিনিই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। ধারণা করা হচ্ছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন রক্ষণশীল দলের নতুন নেতা হবেন। তাঁর সঙ্গে ব্রেক্সিট নিয়ে মতবিরোধ রয়েছে অ্যালান ডানকানের। তিনি ব্রেক্সিটে কালো মেঘ দেখছেন বলে জানিয়েছেন। এর আগে রবিবার অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড জানিয়েছিলেন, বরিস জনসনের হাতে চাকরিচ্যুত হওয়ার চেয়ে পদত্যাগকেই তিনি শ্রেয় মনে করেন। এদিকে আগামীকাল বুধবার দেশটিতে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন। এর আগে বিদায় নেবেন বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বিদায়ের আগে একটি বিবৃতি দেবেন। - রয়টার্স
