গাজীপুর থেকে প্রায় পাঁচ টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ভর্তি একটি ট্রাক ডিবি পুলিশের সহায়তায় জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ট্রাকটি জব্দ করা হয়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আবদুস ছালাম সরকার ডিবির এসআই আল আমীনের নেতৃত্বে ডিবি পুলিশের সহায়তায় পলিথিন ব্যাগ ভর্তি ট্রাকটি আটক করেন। এ সময় পলিথিনের মালিক পালিয়ে গেলেও আটক হন ট্রাকচালক মো. জাহিদুল ইসলাম। পরে পলিথিন ও ট্রাক জব্দ করে চালককে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক চালক মো. জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
দুটি কারখানাকে জরিমানা
এদিকে গত রবিবার মহানগরীর পুবাইল করমতলা এলাকায় ক্রিসেন্ট কেমিক্যাল কারখানাকে শব্দদূষণের দায়ে ৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা এবং টঙ্গীর স্কুইব রোডের এসকেএফ ফার্মা লিমিটেডকে তরল বর্জ্যের মানমাত্রা নির্ধারিত মানমাত্রার বাইরে থাকার অপরাধে ৪০ হাজার ৪০০ টাকা ক্ষতিপূরণ ধার্য ও আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
