হজ শেষে দেশে ফিরেছেন ২৯ হাজার ৭৩ হাজি

আপডেট : ১৮ জুন ২০২৫, ১৩:১৭

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৯ হাজার ৭৩ জন বাংলাদেশি হাজি। বুধবার (১৮ জুন) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এই তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ হেল্প ডেস্ক।

সরকারি ব্যবস্থাপনায় এবার হজ পালন করেন ৪ হাজার ৫৯৫ জন, আর বাকি ২৪ হাজার ৪৭৮ জন ছিলেন বেসরকারি ব্যবস্থাপনায়। হজ শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন তারা সবাই।

হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ফিরতি ৭৪টি হজ ফ্লাইটে যাত্রী পরিবহন করেছে তিনটি এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন ১০ হাজার ৮০ জন হাজি। সৌদি এয়ারলাইনসে ফিরেছেন ১২ হাজার ২১৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ফিরেছেন ৬ হাজার ৭৭৯ জন।

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩২ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ জন মক্কায়, ১০ জন মদিনায় এবং একজন আরাফায় ইন্তেকাল করেছেন।

এবার হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল, আর শেষ ফ্লাইট ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ১০ জুন থেকে। ওই দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ১০ জুলাই।

ইত্তেফাক/টিএইচ