৪০০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ৪০টির বেশি লক্ষ্যবস্তু নিশ্চিত ক্ষতিগ্রস্ত: ইসরায়েল

আপডেট : ১৮ জুন ২০২৫, ১৬:১৭

ইসরায়েলি সরকারের প্রেস অফিস এক বিবৃতিতে দাবি করেছে, গত ১৩ জুন থেকে ইরান ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করেছে। এর ফলে তারা বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩ হাজার ৮০০ নাগরিককে সরিয়ে নিয়েছে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর অফিসের তথ্যমতে, ইরানি হামলার ফলে ৪০টিরও বেশি লক্ষ্যবস্তু নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারা স্থানগুলওর বিবরণ উল্লেখ করেনি।

এছাড়া এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জন ইসরায়েলি নিহত এবং ৮০৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে নেতানিয়াহুর অফিস জানিয়েছে।

ইরানের হামলার পর ইসরায়েলি শহরের চিত্র। ছবি: সংগৃহীত

বিবৃতি অনুসারে, ইসরায়েলি কর কর্তৃপক্ষের কাছে মোট ১৮ হাজার ৭৬৬টি বীমা আবেদন দাখিল করা হয়েছে। এর মধ্যে ১৫,৮৬১টি কাঠামোগত ক্ষতির জন্য, ১,২৭২টি যানবাহনের ক্ষতির জন্য এবং ১,৬৩৩টি অন্যান্য ধরণের ব্যক্তিগত সম্পত্তির জন্য রয়েছে।

আনাদোলু এজেন্সি বলছে, গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্থানে বিমান হামলা শুরু করে। এরপর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যায়। পরবর্তীতে তেহরান প্রতিশোধমূলক হামলা চালায়।

এদিকে ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে ৫৮৫ জন নিহত এবং ১,৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।

ইত্তেফাক/এসকে