অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১৮ জুন) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
এর আগে ১৫ এপ্রিল, এই মামলায় সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আজ তাকে আদালতে হাজির করলে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন প্রসিকিউটর, যা ট্রাইব্যুনাল অনুমোদন করে।
২০১০ সাল থেকে দুই বছর র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে আলোচনায় আসেন মোহাম্মদ সোহায়েল। ওই সময় আওয়ামী লীগ সরকারের আমলে তার দ্রুত পদোন্নতি ঘটে।
দুর্নীতি, আটক রেখে নির্যাতন, হত্যা ও গুমের অভিযোগে গত ১৯ আগস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় নৌবাহিনী। পরদিন তাকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের ২২ ফেব্রুয়ারি কমোডর থেকে রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত হন তিনি। তবে অভিযোগ রয়েছে, জাহাজ বা ঘাঁটি কমান্ড না করেই এবং গুরুত্বপূর্ণ সামরিক কোর্স ছাড়াই সরকারপক্ষের আনুকূল্যে পদোন্নতি পান।
সর্বশেষ তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। গত ৭ আগস্ট সরকার পরিবর্তনের পর তাকে বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার করা হয়।
