হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা ঐ মামলাটি এক মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য ভাসানটেক থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।
এ প্রসঙ্গে ব্যারিস্টার সুমন সাংবাদিকদের বলেন, আমার নামে ভুয়া ফেসবুক পেইজ খুলে অপপ্রচার চালানো হয়েছে। গত ২৮ মে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় জিডি করি। ঐ জিডিতে আমি চারটি ফেসবুক পেইজের কথা বলেছিলাম, যার মধ্যে এটি (যে পেইজ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে মন্তব্য) রয়েছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে এই মামলা প্রমাণ করে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপত্তাহীন নয়। তারা যে কারো বিরুদ্ধে মামলা ও আইনগত পদক্ষেপ নিতে পারে। সংখ্যালঘুরা নিরাপত্তাহীন বলে প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছে তা সত্য নয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গৌতম কুমার বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। বাদী তার জবানবন্দিতে বলেন, গত ১৯ জুলাই ব্যারিস্টার সুমন তার ফেসবুকে হিন্দু ধর্ম নিয়ে অশ্লীল বক্তব্য দিয়েছেন। যার ফলে হিন্দু সমাজের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়।
