জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুস সালাম এবং ও তার স্ত্রী ডাক্তার রেশমা মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় প্রকৌশলী মো. আবদুস সালাম ও ডাক্তার রেশমা মজুমদার শম্পা ওরফে রেশমা সালামের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ ৪৯ হাজার ৩৬৪ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তা গোপন করার অভিযোগ আনা হয়ছে। গতকাল সোমবার দুদকের সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ঢাকা সিটি করপোরেশনের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চাকরি থেকে বরখাস্ত) আবদুস সালাম ও তার স্ত্রী ডাক্তার রেশমা মজুমদার শম্পা ওরফে রেশমা সালাম একে অপরের সহযোগিতায় জ্ঞাত আয়ের উেসর সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৭০ লাখ ৪৯ হাজার ৩৬৪ টাকার সম্পদ অর্জন এবং ছদ্মাবরণের মাধ্যমে স্থানান্তর এবং লেয়ারিং করে মানিলন্ডারিং এর অপরাধ করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
