গল টেস্টে নিজেরদের প্রথম ইনিংসে ৫০০ এর আগেই অলআউট হয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরির পরও তৃতীয় দিনের প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হয়েছে টাইগাররা। জবাবে ১ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে শ্রীলঙ্কা।
বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। উদ্বোধনী জুটিতে ৪৭ রান যোগ করেন এই দুই ওপেনার।
এরপর লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। ৩৪ বলে ২৯ রান করা উদারাকে সাজঘরে ফেরান এই টাইগার স্পিনার। এরপর ক্রিজে আসা দীনেশ চান্দিমালকে সঙ্গে ব্যাট করতে থাকেন নিশাঙ্কা।
সাবলীলভাবে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার। মধ্যাহ্ন বিরতির আগে আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। নিশাঙ্কা ৪৬ ও চান্দিমাল ২২ রানে অপরাজিত আছেন।
