অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক আদ্যাবাড়ী মন্দির

আপডেট : ২০ জুন ২০২৫, ১৬:৩১

নওগাঁর মহাদেবপুরে অযত্ন অবহেলায় ধ্বংস হচ্ছে ঐতিহাসিক আদ্যাবাড়ী মন্দির। মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঐতিহাসিক মন্দিরটি অবস্থিত। এ মন্দিরটি প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। ঐতিহাসিক এ মন্দির দেখতে এক সময় সনাতন ধর্মালম্বীসহ নানা ধর্মের মানুষ এ উপজেলায় আসতো। কিন্তু সেসব এখন কেবলই স্মৃতি। 

দীর্ঘদিনের অযত্ন অবহেলায় এ মন্দিরটি এখন অস্তিত্ব হারাতে বসেছে। তবে আগের মতো জাঁকজমক না থাকলেও স্থানীয় সনাতন ধর্মালম্বীরা এখনও এখানে দূর্গাপূজাসহ নানা পূজা পার্বণ করছে। প্রয়োজনীয় উদ্যোগ নিলে এ ঐতিহাসিক মন্দিরকে ঘিরে এখানে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এ মন্দিরটির নির্মাণ কাল নিয়ে নানা মতভেদ রয়েছে। তবে এর নির্মাণ শৈলী দেখে মনেহয় এটি পাল রাজত্ব কালের কোন এক সময় নির্মাণ করা হয়েছে। 

এটি ৪ বিঘা জমির উপর নির্মিত। মাটি থেকে এ মন্দিরের চুড়ার উচ্চতা ছিল ৬৫ ফিট। এ মন্দিরের আদ্যামাতা, অন্নপূর্ণা ও গৌড়ীপট দেবী ছিল। এ ৩টি দেবী মূর্তিই ছিল পাথরের তৈরি। মূল মন্দিরের পার্শ্বে আরও অনেক গুলো অনুষঙ্গ মন্দির নির্মাণ করা হয়েছিল। স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে এখানে ১০১টি অনুষঙ্গ মন্দির নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল এবং এটিকে দ্বিতীয় কাশি বানানোর পরিকল্পনা ছিল। মূল মন্দিরটি কালের সাক্ষী হয়ে দাড়িয়ে থাকলেও অনুষঙ্গ মন্দির গুলি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। 

মন্দিরের জমি গুলোও নামে বে-নামে দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। মন্দিরের চুড়ার উপরে সুবিশাল একটি ত্রিশূল ছিল। কয়েক বছর আগে এ ত্রিশূলটিও চুরি হয়। স্থানীয় উন্নয়ন ও মানবাধিকার সংস্থা আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দীপঙ্কর লাকড়া ঐতিহাসিক এ স্থাপনাটি সংস্কার করে রক্ষণাবেক্ষণার দাবী জানান। 

সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা বলেন, অবৈধভাবে দখলে রাখা এ মন্দিরের জমি উদ্ধারের প্রক্রিয়া চলছে। 

এ ব্যাপারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঐতিহাসিক এ মন্দিরটি এখনও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আসেনি। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে অধিদপ্তরের পক্ষ থেকে এ ঐতিহাসিক মন্দিরটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি