নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ১৩৫ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৭৪ রানে অলআউট করে দেয় পাকিস্তানের বোলাররা। ৫ উইকেট নিয়ে সফল বোলার পাকিস্তানের বিলাল আসিফ। জবাবে নিজেদের ইনিংস শুরু করে দিন শেষে ৩ উইকেটে ১৩৯ রান করেছে পাকিস্তান।
টেস্ট ক্যারিয়ারের ১৬তম হাফ-সেঞ্চুরি তুলে নেন ওয়াটলিং। চারটি চারে ২৫০ বল মোকাবিলা করে ৭৭ রানে অপরাজিত থাকেন ওয়াটলিং। ইনিংসে ৬৫ রানে ৫ উইকেট নেন আসিফ। পাঁচ ম্যাচের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন আসিফ।
জবাবে, ১৭ রানে ২ উইকেট হারিয়ে ক্ষাণিকটা চাপে পড়ে যায় পাকিস্তান। তবে বেশিক্ষণ নয়। তবে, নিউজিল্যান্ড সামনে প্রতিরোধ গড়ে তুলেন আজহার আলী ও হারিস সোহেল। দু’জনের ব্যাটিং নৈপুণ্যে ২ উইকেটে ৮১ রান নিয়ে চা-বিরতিতে যায় পাকিস্তান।
তবে চা-বিরতি থেকে ফেরার কিছুক্ষণ বাদে ৯১ বলে ২টি চারে ৩৪ রান করে সাউদির শিকার হন সোহেল। তবে, পাঁচ নম্বরে নামা আসাদ শফিককে নিয়ে দিনের বাকি সময়টুকু শেষ করেন আজহার। ৭০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩২তম হাফ-সেঞ্চুরি তুলে ৬২ রানে অপরাজিত আছেন আজহার। ৮৫ বলে ২৬ রানে অপরাজিত আছেন আসাদ শফিক। নিউজিল্যান্ডের বোল্ট ৩৯ রানে ২ উইকেট নেন।
