ঠাকুরগাঁওয়ের সীমান্তে ৭ বাংলাদেশিকে পুশইন

আপডেট : ২০ জুন ২০২৫, ২১:২০

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে শিশুসহ ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২০ জুন) মধ্য রাতে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপি সীমান্তের মেইন পিলার ৩৪৭/এমপি এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ। 

তাদের মধ্যে চারজন নারী, দু'জন পুরুষ ও একটি শিশু। দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ওই সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা স্বীকার করে বলেন, প্রায় ২০ বছর আগে তারা কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন। সপ্তাহখানেক আগে তাদেরকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে।  ১৯ জুন বিএসএফ তাদেরকে সীমান্ত এলাকায় নিয়ে আসে । পরে গভীর রাতে তাদেরকে আটক করেছে চাপসার বিওপির সদস্যরা।

আটকৃকরা হলেন- যশোরের নোয়াপাড়ার গাজির হাট পেরুলীর শহীদের স্ত্রী সাহিনা বেগম (৪৬), তার ছেলে সাইফুল ইসলাম (৩০), আরেক ছেলে শরিফুল শেখ (১৭), মেয়ে রোকসোনা খাতুন (২৬), আরেক মেয়ে ছাবিনা খাতুন (২৪), নড়াইলের কালিয়ার যাদবপুরের ফিজরুল খাঁর  স্ত্রী আয়না খাতুন (৩৫) ও শিশু কন্যা আরিফা খাতুন (৪)। 

তারা সবাই যশোর ও নড়াইলের বাসিন্দা। আটক ৭জনকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তর করেছেন বিজিবির চাপসার বিওপির সদস্যরা। পাশাপাশি বিএসএফের সাথে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছেন তারা।

এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, আটক ৭ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/এএইচপি