সিরিয়ায় চার্চে আত্মঘাতী হামলা, হতাহত ৭২

আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:২৫

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫২ জন। রোববার (২২ জুন) এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর এক সদস্য এ হামলার সঙ্গে জড়িত। হামলাকারী প্রথমে গির্জার ভেতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। পরে তার শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানায়, এই হামলায় ২০ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন।

রাজধানীর দোয়েলা এলাকায় অবস্থিত সেইন্ট ইলিয়াস গির্জায় এ হামলার ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গত ডিসেম্বরে বিদ্রোহীদের নেতৃত্বে স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাত করে নতুন সরকার ক্ষমতাগ্রহণের পর এটাই এ ধরণের আত্মঘাতী হামলার প্রথম নজির। জাতিসংঘ এই হামলার প্রতি নিন্দা জানিয়েছে।

সিরিয়ার নতুন শাসকদের সামনে দেশের নাগরিকদের, বিশেষত, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার এ বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য সিরিয়ার সরকারকে তাগিদ দিচ্ছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে দেশের সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহবস্থানের অবমাননা করার মরিয়া প্রচেষ্টা এবং একইসঙ্গে দেশকে অস্থিতিশীল করে তোলার উদ্যোগ বলে অভিহিত করে।

ইত্তেফাক/এনএন