টরন্টোতে জালালাবাদ ফেস্টিভ্যালের মঞ্চ মাতালেন কুমার বিশ্বজিৎ

আপডেট : ২৩ জুন ২০২৫, ১৭:৫১

তীব্র শীতের বিপরীতে কানাডার টরন্টোতে এখন তাপমাত্রা চলছে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মের এই তীব্র তাপদাহ বিকেলের দিকে কিছুটা কমে আসে। আর সেই সামান্য স্বস্তিতেই এবার জমে উঠেছিল তৃতীয় জালালাবাদ ফেস্টিভ্যাল ২০২৫।  

রোববার (২২ জুন) বাংলা টাউনের ড্যানফোর্থের অকরিজ পার্কে জালালাবাদ এসোসিয়েসন অব টরন্টোর আয়োজনে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী মেলা।

টরন্টোতে তৃতীয় জালালাবাদ ফেস্টিভ্যাল ২০২৫ এর মঞ্চে সংগীত পরিবেশন করছেন কুমার বিশ্বজিৎ। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রি শাফকাত আলী, এমপিপি ডলি বেগম, কাউন্সিলর পার্থি কান্ডাভেল এবং সংগঠনের নেতৃবৃন্দ। জালালাবাদ মেলায় হাজার হাজার দর্শক-শ্রোতার সমাবেশ ঘটে। যেন বিদেশের মাটিতে এক খন্ড বাংলাদেশ জেগে উঠেছিল।

জালালাবাদ এসোসিয়েসন অব টরন্টোর অনুষ্ঠানিকতার পর স্থানীয় শিল্পীরা নাচ-গান পরিবেশন করেন। পরে মেলার মঞ্চ মাতাতে আসেন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশের স্বনামধন্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। একের পর এক তার যাদুকরী কন্ঠে জনপ্রিয় গানে গানে প্রবাসী বাঙালিরা মেতে ওঠেন। ‘যেখানে সীমান্ত তোমার’, ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে’, ‘বসন্ত ছুঁয়েছে আমাকে’, ‘ও ডাক্তার’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’... এরকম জনপ্রিয় গানগুলোর সুরের ছোঁয়ায় অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ে মেলা প্রাঙ্গনে।

ইত্তেফাক/এসএ