কক্সবাজারে খালে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২৫, ০০:২০

কক্সবাজারের পেকুয়ায় সঙ্গীদের সাথে ফুটবল খেলে খালে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলার টইটং ইউনিয়নের সীমান্ত ব্রীজ সংলগ্ন আলিগ্যাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোর মো.পারভেজ উদ্দিন (১৫) টইটং ইউনিয়নের আলিগ্যাকাটা এলাকার অটোচালক জাকের হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, পারভেজ উদ্দিন বিকেলে তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলাধুলা শেষে তারা সবাই স্থানীয় নুনিয়ারছরা খালে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পারভেজ নিখোঁজ হয়ে যায়।

তার সঙ্গীরা অনেক খোঁজাখুঁজির পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমএএম