শ্রীলঙ্কা সিরিজে ডাক না পেয়ে যা বললেন সোহান 

আপডেট : ২৪ জুন ২০২৫, ১৪:১৭

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিরিজে ডাক পেতে পারেন নুরুল হাসান সোহান। এমন ধারণা ছিল অনেকেরই। তবে এই সিরিজেও দলে ডাক পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। সোহানকে দলে না রাখার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

লিপু বলেন, 'সোহানের ব্যাপারটা হচ্ছে, তিনি আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা একাধিক উইকেটরক্ষক নিতে পারি না এই পজিশনে। কারণ, শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন, সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন। সেই কারণে এবং তিনি এখন টি-টোয়েন্টি দলের অধিনায়কও হয়েছেন।'

চট্টগ্রামে ম্যাচ অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সোহান। দলে ডাক না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি নিয়মিত হতে পারতাম (জাতীয় দলে) তাহলে ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় যেতো। অবশ্যই এই ক্ষেত্রে ওই জায়গায় যেতে আমার কাছে মনে হয় সুযোগটা আমি ধরতে পারি নাই। যেকোনো কারণে হয়তোবা (পারিনি)। অবশ্যই আক্ষেপটা থাকবে।’

গতকাল অনুশীলন ম্যাচে ৯৭ রান করেন সোহান। কিছুটা আক্ষেপ নিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘জাতীয় দলের খেলা গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে খেলতে চাই। যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো ক্রিকেটটা খেলবো না।’

ইত্তেফাক/জেডএইচ