জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন হলের নাম রাখা হয়েছে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০১-তম সিন্ডিকেট সভায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হলো।
এর আগে ৬ ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নামফলকটি খুলে ফেলা হয়। এ সময় আবাসিক হলের ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সে সময় নতুন নাম হিসেবে ‘নওয়াব ফয়জুন্নেসা এসময় হল’, ‘ফেলানী ছাত্রী হল’, ‘মাহমুদা স্মৃতি হল’, ‘রিয়া গোপ ছাত্রী হল’ নাম রাখার প্রস্তাব দেন শিক্ষার্থীরা।
২০২০ সালের ২০ অক্টোবর বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল প্রথমবার উদ্বোধন করা হয়। দুই বছর পর ২০২২ সালের ১৬ মার্চ হলটি আবারও উদ্বোধন করা হয়। পরে ১৭ মার্চ ছাত্রীদের হলে ওঠানো হয়।
১৬ তলাবিশিষ্ট আবাসিক হলটিতে ১৬৩টি কক্ষ রয়েছে। এতে প্রায় ১ হাজার ২০০ ছাত্রীকে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৪ সালের ১৩ মে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ নামকরণ করা হয়।
