বিজিবির অভিযান

সীমান্তে ১ লাখ পিস ইয়াবা ফেলে মিয়ানমারের দিকে পালালো দুজন

আপডেট : ২৫ জুন ২০২৫, ১৫:০৩

মাদক চোরাচালান রোধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মিয়ানমার থেকে আনা এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে মাদক বহনকারী দুই ব্যক্তি পালিয়ে গেছে।

বুধবার (২৫ জুন) ভোররাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকায় এ অভিযান পরিচালনা করে।  

৩৪ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল ভোররাতে সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়। অভিযানের একপর্যায়ে, দুটি কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে অগ্রসর হতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় তারা সীমান্তবর্তী এলাকায় দুটি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। সবশেষ ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির প্রতিটি টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই অভিযানে বড় একটি ইয়াবার চালান আটক করা সম্ভব হয়েছে।

ইত্তেফাক/এপি