অধ্যাপক ফারুকের পাশে ঢাবি শিক্ষক সমিতি

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:০০

সম্প্রতি পাস্তুরিত দুধ নিয়ে গবেষণা করা বায়োমেডিক্যাল রিসার্স সেন্টারের সদ্য সাবেক পরিচালক অধ্যাপক আ ব ম ফারুকের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়েরর অতিরিক্ত সচিবের রূঢ় ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি। গতকাল এ বিষয়ে ঢাবির শিক্ষক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুকের পাস্তুরিত তরল দুধে অ্যান্টিবায়টিকসহ মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদানসমূহের উপস্থিতিবিষয়ক একটি বৈজ্ঞানিক গবেষণার ফলাফল গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব গবেষণা-বিশ্লেষণকে ভুল এবং অধ্যাপক আ ব ম ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৭১ টেলিভিশনের একটি টক-শোতে অধ্যাপক আ ক ম ফারুকের সাথে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যে রূঢ় ও অসৌজন্যমূলক আচরণ করেছেন, তা অনাকাঙ্ক্ষিত ও শিষ্টাচারবহির্ভূত।