শীতলক্ষ্যায় ভেসে উঠলো নিখোঁজ নারীর মরদেহ

আপডেট : ২৬ জুন ২০২৫, ২১:০৪

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অনিতা কর্মকার (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান। 

নিহত অনিতা নরসিংদীর জেলার মনোহরদী উপজেলার আড়াল গ্রামের সুবল কর্মকারের মেয়ে এবং টাঙ্গাইলের আসীম কর্মকারের স্ত্রী। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের প্রাণের এমসিএস কারখানায় কাজ করতেন এবং ওই ইউনিয়নের খীলপাড়া গ্রামে ভাড়া বাড়িতে স্বামীর সাথে  থাকতেন।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি কর হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মরদেহটি কয়েকদিন আগেই পানিতে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে একটি ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টঙ্গী নৌ-পুলিশকে খবর দেয়।

নিহতের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, অনিতা কর্মকার গত ২৪ জুন নিখোঁজ হন। এ ঘটনায় পরদিন ২৫ জুন নরসিংদীর পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১২৮১) করা হয়।

এ বিষয়ে টঙ্গী নৌ-পুলিশের একজন কর্মকর্তা জানান, মরদেহটি বেশ কয়েকদিন আগেই পানিতে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইত্তেফাক/এএইচপি