কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয়নি ২ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় এই অনুপস্থিতির হার ২ দশমিক ৭১ শতাংশ। এছাড়া অনিয়মের অভিযোগে তিন জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮৯ হাজার ৬৭১ জন। এর মধ্যে এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮৭ হাজার ২৪৩ জন, ২ হাজার ৪২৮ জন পরীক্ষায় অংশ নেয়নি।
এদিকে, কুমিল্লার লালমাইয়ে এইচএসসি পরীক্ষার হলে স্মার্ট ফোন বহন করার অপরাধে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা লালমাই সরকারি কলেজের শিক্ষার্থী। লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রের আওতাধীন বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, পরীক্ষার হলে যে কোন ধরনের মোবাইল ফোন বহন ও ব্যবহার করা নিষিদ্ধ। পরিদর্শনে গিয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন জন পরীক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেছে। তাদের বহিষ্কার করতে কেন্দ্র সচিবকে নির্দেশনা দেওয়া হয়।
