আদর্শপাড়ায় ড্রেনের ওপর স্লাভ দিন

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:০৭

পিরোজপুরের পৌরসভা কর্তৃপক্ষ পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, ‘পৌরকর পরিশোধ করে পৌর উন্নয়নে সহায়তা করুন। আপনার পানির বিল নিয়মিত পরিশোধ করে পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখুন। ময়লা-আবর্জনা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে ফেলুন। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আপনার আমার সকলের নাগরিক দায়িত্ব।’ কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, পিরোজপুর পৌরসভার আদর্শপাড়ার ড্রেনের ওপর কোথাও স্লাভ বসানো হয়েছে, কোথাও বসানো হয়নি। যে কারণে অনেক অসচেতন নাগরিক উন্মুক্ত ড্রেনে আবর্জনা, ছালার চট, প্লাস্টিকের বোতল, কাচের বোতল, পুরাতন স্যান্ডেল-জুতা ফেলে থাকে। এ অবস্থায় আদর্শপাড়ার যেসব জায়গায় ড্রেনের ওপর এখনো স্লাভ বসানো হয়নি, সেখানে অবিলম্বে স্লাভ বসানোর কাজটি সম্পন্ন করা হোক। তাছাড়া প্রতিদিন সকালে ময়লা নেওয়ার ব্যবস্থা করা হলে বাড়ির আশেপাশে ও রাস্তায় ময়লা-আবর্জনা জমবে না। এজন্য প্রত্যেক বাড়িওয়ালার কাছ থেকে প্রতিমাসে নির্ধারিত একটি খরচ নেওয়া যেতে পারে। এ বিষয়গুলো পিরোজপুর পৌরসভা কর্তৃপক্ষ ভেবে দেখবেন বলে আশা রাখি।

লিয়াকত হোসেন খোকন, আদর্শপাড়া, পিরোজপুর