রমজানের আগেই নির্বাচন দিয়ে নজির স্থাপনের আহ্বান ফারুকের

আপডেট : ২৭ জুন ২০২৫, ১৫:৩২

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি গণতান্ত্রিক নজির স্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ নেতা জয়নুল আবদীন ফারুক।

শুক্রবার (২৭ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

ফারুক বলেন, 'রমজানের আগে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে—এমনটাই প্রত্যাশা করি। আর কোনো বিলম্ব নয়। নির্বাচন নিয়ে দেশের মানুষ হতাশ। তবে লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে। এখন আর ষড়যন্ত্রের সুযোগ নেই।'

তিনি আরও বলেন, 'এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন মাত্র তিন মাসের মধ্যেই নির্বাচন দিয়েছিলেন। সে উদাহরণ অনুসরণ করে রমজানের আগেই নির্বাচন দিয়ে ড. ইউনূস যেন জাতির কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করেন, সেই অনুরোধ জানাই।'

বক্তব্যে শিক্ষা খাতের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, 'সুষ্ঠু নির্বাচন হলে সবচেয়ে আগে শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। কারণ শিক্ষা ছাড়া জাতি বা দেশের উন্নয়ন সম্ভব নয়—এটা আজ স্পষ্ট।'

তিনি অভিযোগ করে বলেন, 'সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান যেভাবে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছেন, তা ভাষায় প্রকাশের নয়। যারা গণতন্ত্রের কথা বলেন, তারা কখনো শিক্ষার উন্নয়নের কথা বলেননি।'

ইত্তেফাক/আইএ