মিরপুরে টেস্টে বাংলাদেশের ২৫ বছর উদযাপন

আপডেট : ২৭ জুন ২০২৫, ১৬:৩৮

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি। এ মাইলফলক স্মরণে গেল শনিবার থেকেই সারাদেশে শুরু হয়েছে উৎসব। যার আমেজ গতকাল লেগেছিল মিরপুরেও। পঁচিশ বছর আগে এই দিনেই টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। তাই বিশেষ বিসিবি আয়োজনে স্মরণীয় করে রেখেছে দিনটি। যেখানে উপস্থিত ছিল দেশের সাবেক ক্রিকেটার, প্রথম টেস্ট খেলা দলের সদস্যরা, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আরও অনেকে। কেক কেটে ও অভিষেক টেস্টের ক্রিকেটারদের সম্মাননা জানানোর মাধ্যমে উদযাপন করা হয় এই বিশেষ দিনটি।

আগে থেকেই জানা ছিল বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম টেস্ট খেলা দলের সদস্যদের সম্মাননা প্রদান। ২০০০ সালের নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের ঐ স্কোয়াডের জীবিত সদস্যদের স্মারক ব্লেজার ও ক্যাপ পরিয়ে সম্মান জানানো হবে। হয়েছেও তা-ই। একে একে সবাইকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গর্বিত এই ক্রিকেটারদের হাতে তুলে দিয়েছেন সম্মাননা ক্রেস্ট এবং ফুলের তোড়া। সবার গায়ে ছিল বিশেষ কালো রঙের কোট। 

এরপর অভিষেক টেস্টের ক্রিকেটারদের নিয়ে কাটা হলো ২৫ পাউন্ড ওজনের বিশাল এক কেক। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে কেক খাইয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এভাবেই বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর উদযাপিত হলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের নর্থ প্লাজায়। এদিন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিবি সভাপতি এবং বাংলাদেশের অভিষেক টেস্টের অন্যতম সদস্য, প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আর এ সময় তিনি দেন বিশেষ এক ঘোষণা। তিনি ঢাকার বাইরে চার জোন-এ করতে চান 'মিনি বিসিবি', যেখান থেকে পরিচালনা করা হবে সেই সব জেলা উপজেলার ক্রিকেট কার্যক্রম। 

সভাপতি বলেন, 'দিনটা বিশেষ, আমাদের ক্রিকেটের জন্মদিন। এদিন আমি ঘোষণা করতে চাই, অনূর্ধ্ব- ১৯ যারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন, তাদের জন্য চারটা বিভাগ ঠিক করেছি। রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা এই চারটা বিভাগে আমরা ক্রিকেট বোর্ডের অংশ স্থাপন করবো। সেখানে একজন হেড অব ক্রিকেট থাকবেন, তিনি তদারকি করবেন তার বিভাগের সব কিছু। পাশাপাশি জায়গাগুলোতে প্রিমিয়ার লিগ করার পরিকল্পনা চলছে, কোচ ডেভেলোপমেন্টের চিন্তা চলছে। সব কিছুর জন্য একটা ফান্ডের মডেল তৈরি করা হচ্ছে। তাতে তাদের মিরপুরের ওপর নির্ভর থাকতে হবে না।'

শুধু বিসিবি নয়, বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এক বিশেষ ঘোষণা দেন। ক্রীড়া উপদেষ্টা বলেন, 'ক্রিকেট বোর্ড যে ঘোষণাটা দিয়েছে, চারটা জোন করে সেখানে 'মিনি বিসিবি' স্থাপন করার। আমার মনে হচ্ছে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে যে কথাটা বলছিলাম যে খেলাধুলোকে বিকেন্দ্রীকরণ করতে চাই সেটাই বাস্তবে রূপ নিচ্ছে। এবার এর অংশ হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একটা ঘোষণা দিতে চাই। আপনারা জানেন স্কুল ক্রিকেটে অনেকগুলো স্কুল ভালো করে সেই বিবেচনায় আমরা বিসিবির সহায়তা নিয়ে স্কুল ক্রিকেটের উন্নয়নে সারাদেশের ১০০টি স্কুলের মাঠে সিনথেটিক পিচ স্থাপন করে দেব।'

এর আগে ২০০০ সালের ২৬ জুন, লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় ১০ নম্বর দেশ হিসেবে টেস্ট খেলার মর্যাদা লাভ করে বাংলাদেশ। এরপর ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলতে নামে টাইগাররা। ঢাকায় বাংলাদেশের প্রথম টেস্টের প্রতিপক্ষ ছিল ভারত। টেস্ট মর্যাদা প্রাপ্তির দিন হিসেবে একে একে কেটে গেছে ২৫টি বছর। গতকাল সেই ঐতিহাসিক মাইলফলকের দিনের রজতজয়ন্তী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দিনটাকে বিশেষভাবে পালন করার চেষ্টা করেছে।

সেই ধারাবাহিকতায় এদিনই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্টে ক্রিকেটের অনার্স বোর্ড চালু করেছে বিসিবি। যেখানে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত খেলা প্রত্যেক টেস্ট ক্রিকেটারের নাম রয়েছে। আকরাম খান থেকে শুরু করে হাবিবুল বাশার সুমন, মাশরাফি মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসানরা রয়েছেন অনার্স বোর্ডে। এছাড়া রয়েছেন বর্তমান সময়ের নাইম হাসান, নাহিদ রানারাও। কোন মাঠে অভিষেক সেটার পাশাপাশি রয়েছে টেস্ট ক্যাপের নাম্বার এবং বছরও। অনার্স বোর্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

ইত্তেফাক/জেডএইচ