ভাড়াটে বা অপ্রমাণিত ব্যক্তি নয়, বরং ত্যাগী নেতাকর্মীদেরই বিএনপির সদস্য করা উচিত বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, 'যিনি ১৭ বছর ধরে দলের জন্য কষ্ট করেছেন, তিনিই সদস্য হওয়ার যোগ্য। কোনো অবস্থাতেই ভাড়াটে কাউকে সদস্য ফরম দেবেন না।'
শুক্রবার (২৭ জুন) সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, 'সদস্য নবায়ন বা নতুন সদস্যপদ প্রদানের ক্ষেত্রে ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে কে ফরম নিচ্ছেন, তার তথ্য দলীয় রেকর্ডে থাকতে হবে। দায়িত্বশীলদের মাধ্যমেই ফরম বিতরণ করতে হবে। মনে রাখবেন, যাকে খুশি তাকে ফরম দিলে চলবে না—ফরম অবশ্যই প্রকৃত বিএনপির লোকদেরই দিতে হবে।'
তিনি আরও বলেন, 'এই কার্যক্রমে যদি আপনারা সতর্ক না থাকেন, তাহলে আপনার দল সঠিক পথে থাকবে না। তখন সুযোগসন্ধানীরা ঢুকে পড়বে এবং দলের ক্ষতি করবে। এ সুযোগ কাউকে দেওয়া যাবে না।'
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, দলে সদস্য নেওয়ার ক্ষেত্রে অতীতে যারা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন, মামলা-মোকদ্দমা করেছেন, তাদের সদস্যপদ দেওয়া যাবে না। তবে অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজের সম্মানিত মানুষ বা পাড়া-মহল্লার নিরপেক্ষ ব্যক্তি যদি সদস্য হতে আগ্রহী হন এবং উপজেলা কমিটি যাচাই করে উপযুক্ত মনে করে, তবে তাদের সদস্য করা যেতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ, উপজেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
