নতুন টেস্ট অধিনায়ক হওয়া দৌড়ে এগিয়ে যিনি 

আপডেট : ২৮ জুন ২০২৫, ১৩:৪৭

গত কয়েক দিন থেকে গুঞ্জন ছিল টেস্টের অধিনায়কত্ব ছাড়বেন নাজমুল হোসেন শান্ত। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। কলম্বো টেস্ট হারের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শান্ত। 

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ও ৭৮ রানে হেরেছে বাংলাদেশ। দলের এমন ভরাডুবির পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। এ সময় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

সদ্য বিদায়ী টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে, এটা কোনো পারসোনাল (ব্যক্তিগত) কিছু না। এটা দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত যে তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। পুরোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।’

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শান্তর সরে দাঁড়ানোয় এখন প্রশ্ন জেগেছে পরবর্তী টেস্ট অধিনায়ক কে হচ্ছেন। কিছু দিন আগেই শান্তর জায়গায় ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্টও অধিনায়ক হওয়া দৌড়ে বেশ এগিয়ে আছেন এই অলরাউন্ডার। মিরাজের পাশাপাশি টেস্ট অধিনায়ক হওয়া দৌড়ে আছেন লিটন দাসও। বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক তিনি।

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

তবে টেস্ট অধিনায়ক হওয়া দৌড়ে লিটনের চেয়ে এগিয়ে আছেন মিরাজ। ধারণা করা হচ্ছে ওয়ানডের পাশাপাশি টেস্টেও মিরাজের ওপরই ভরসা রাখবে বিসিবি। বোর্ডের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন টেস্ট অধিনায়ক হিসেবে লিটনের নাম এসেছে। তবে মিরাজই এগিয়ে। আর অধিনায়ক হিসেবে মিরাজ যথেষ্ট ক্যাপাবল।

ইত্তেফাক/জেডএইচ