দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট নগরীর কোর্ট পয়েন্টে স্থাপন করা স্টিল নির্মিত ফুটওভারব্রিজটি বিক্রি করার সিদ্ধান্ত হলে দরপত্র আহ্বান করা হয়; কিন্তু মাত্র ২২ লাখ টাকা মূল্য উঠায় সিটি করপোরেশন আবারও দরপত্র আহ্বান করে। গত ১৮ জুলাই সিসিকের নির্বাহী প্রকৌশলীর দপ্তর নতুন করে আবার নিলাম ডাকের বিজ্ঞপ্তি দিয়েছে। পুনঃনিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী দরপত্র বিক্রি চলবে আজ ২৪ জুলাই পর্যন্ত। কাল ২৫ জুলাই দরপত্র খোলা হবে।
সিসিক সূত্র জানায়, ২০১৫ সালের সেপ্টেম্বরে এই ফুটওভারব্রিজটি স্থাপনের পর থেকেই প্রায় অব্যবহূত অবস্থায় পড়ে থাকে। ব্রিজটি নিয়ে বেশ সমালোচনাও শুরু হয়। ২০১৭ সালের ৮ জুলাই তত্কালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে মহানগরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনা সভায় পদচারী-সেতু স্থানান্তর করে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে স্থাপনের প্রস্তাব উঠে; কিন্তু দেখা যায় এটির স্থানান্তর করতে খরচ পড়বে ৪০ লাখ টাকা। তাই এই পদচারী-সেতু অপসারণের জন্য বিক্রির সিদ্ধান্ত নেয় সিসিক।
