ভবন নির্মাণের চার বছর পার হলেও বেনাপোল স্থলবন্দর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়নি। উদ্বোধনের অপেক্ষায় পড়ে আছে ভবনটি। ফলে এ অঞ্চলের ২০টি গ্রামের মা ও শিশুরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বেনাপোল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৭১ শতক জমির মধ্যে প্রায় ৪০ শতক জমিতে নির্মিত হয়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির আধুনিক ভবন। ২০১৩ সালে মূল ভবনটির নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ২০১৫ সালের অক্টোবর মাসে। নির্মাণ ব্যয় ৪ কোটি টাকা। মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির উদ্বোধন এবং কার্যক্রম চালু হবে এমন তোড়জোড়ে বছর দুই আগে এখানে দুই/চারটি চেয়ার-টেবিল ও কয়েকটি রোগীদের বেড এলেও সেগুলো এখন নষ্ট হওয়ার পথে। এ কেন্দ্রের জন্য এখনো কোনো জনবল নিয়োগ দেয়া হয়নি। এখানে প্রয়োজন কমপক্ষে একজন গাইনি কনসালটেন্ট, দুইজন মেডিক্যাল অফিসার, দুইজন সহকারী মেডিক্যাল অফিসার, দুইজন পরিবার কল্যাণ পরিদর্শিকা, দুইজন নার্সসহ ১৪টি পদের জনবল। এ কেন্দ্রটির কার্যক্রম চালু না হওয়ায় এলাকার মা ও শিশু রোগীরা এখন বেনাপোল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে সেবা নিচ্ছে। অনেকে দূর-দূরান্ত থেকে সেবা নিতে এসে ফিরেও যাচ্ছে হতাশায়।
এ ব্যাপারে শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান জানান, এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি কবে নাগাদ চালু হবে তা বলা মুশকিল। এখনো পর্যন্ত এখানে কোনো যন্ত্রপাতি আসিনি। জনবলও নেই। শুধু একজন ক্লিনার দেয়া হয়েছে। তিনি ভবনটির দেখভাল করছেন। এটির কার্যক্রম শুরুর ব্যাপারে আমরা উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর থেকে ঢাকায় জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাইনি।
